বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

  24-06-2026 06:53PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত, প্রতারণা মামলার আসামি ও মাদক কারবারিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাদকবিরোধী অভিযানে পাওয়া গেছে ৩৩৫ গ্রাম হেরোইন, ২শ পিস ইয়াবা এবং ২১ গ্রাম গাঁজা। সড়কপথে মাদকের চালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চারদিনের পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসানো হয়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে ৩৩৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও নগদ ১৩৪৫ টাকা জব্দ করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা- রংপুরের কোতয়ালী কলেজ রোড লালবাগ কেডিসি মহল্লার রুমন মিয়া (৪২), রংপুরের তাজহাট আলহাজ্ব নগর মহল্লার আব্দুল কাদের (২৩)। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এরআগে, সোমবার দিবাগত রাতে বগুড়া সদরের শিববাটি মেঘা সিটি এলাকা থেকে গ্রেপ্তার হয় সাজাপ্রাপ্ত আসামি। সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪) শিববাটি কিশোরীলাল-রায় লেন মহল্লার জালাল শেখের ছেলে। তিনি সদর থানার অস্ত্র আইনের মামলায় সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডিত।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে আরও ৫২টি মামলার তথ্য পেয়েছে র‌্যাব। আসামি আমিরুজ্জামান পিন্টু (৫৫) মালগ্রাম খন্দকার পাড়া মহল্লার ডা. আবু জাফরের ছেলে।

এছাড়া, গাবতলী উপজেলার সারোটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ২শ পিস ইয়াবা, ২১ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজন- সারোটিয়া পূর্বপাড়ার সুমন হোসেন (২৪), রাকিব ফকির (২৭) এবং সারোটিয়ার আমিনুর ইসলাম ঝন্টু (৪০)। তাদেরকে গাবতলী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন