পিএনএস ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪৫) এবং তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন হারুন অর রশিদ ও তার ছেলে সাদ। পথে হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চর শৈল্যা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে নিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, হারুন অর রশিদ শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
পিএনএস /এএ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের
18-06-2026 08:02PM

