পিএনএস ডেস্ক: বরিশালে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর একটি বাসায় এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধঘরের মধ্যে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কর্মসূচি পালন করছেন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে তারা নিজেদের মধ্যে কেক বিতরণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে ফটোসেশন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ মাস্ক পরিহিত ছিলেন, আবার কেউ খোলামেলাভাবে ক্যামেরার সামনে উপস্থিত হন।
জানা গেছে, তারা সবাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকার একটি বাসায় গোপনে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে নিরাপত্তার কারণে তারা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন।
সোমবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি আল মামুন উল ইসলাম জানান, ২৩ জুনকে ঘিরে নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পিএনএস/এমএইউ
বরিশালে কেক কেটে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
23-06-2026 02:11PM

