৪০ হাজারে চুক্তি, ভারতে প্রবেশকালে আটক ৯

  26-06-2026 02:25PM

পিএনএস ডেস্ক: শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্প্রতিবার (২৫ জুন ) দুপুরে কর্ণঝোড়া বিওপির টহলদল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে। রাতে আটককৃতদের শ্রীবরদী থানায় তাদের হস্তান্তর করা হয়।

আটককৃদের সবার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা জেলায়। তাদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ।

আটকৃতরা হলেন- ভোলার মনপুরা উপজেলার মৃত ভক্ত জলদাসের ছেলে আপন জলদাস (৩০), তার স্ত্রী নয়ন তারা (২৫) এবং তাদের চার বছর বয়সী মেয়ে দিয়া মনি (৪) ও সাত মাস বয়সি মেয়ে হিয়া মনি। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রাণ হরি চন্দ্র জলদাসের ছেলে বিজয় হরি জলদাস (৪৬), তার স্ত্রী সুলক্ষী (৪২) ও মেয়ে রুপা জলদাস (১৩)। অন্যরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতী থানার রাম দাশের মেয়ে বীনা দাস (৩১) ও তার মেয়ে রিয়া রাণী (৭)।

বিজিবি জানায়, ভারতে যেতে ৪০ হাজার টাকার বিনিময়ে আটককৃতদের সঙ্গে চুক্তি হয় স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছান। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫ এর দেড়শ গজ ভেতরে হারিয়াকোনা পাহাড়ের গহীনে সীমান্তে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিলেন। বিজিবির কঠোর নজরদারির জন্য তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। পরে বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মামলা দিয়ে শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‍“এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ও ছয় জনের নামে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুদের ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।”



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন