পিএনএস ডেস্ক: নরসিংদীতে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে নরসিংদী সদর থানা পুলিশ।
মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানিয়েছেন, ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নিচের নদীতে ছুড়ে ফেলে দিচ্ছেন। ঘটনাটি বুধবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নেটিজেনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পিএনএস/রাআ
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ায় যুবক আটক
26-06-2026 01:02AM

