ধান বিক্রি করে ফেরার পথে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

  22-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে নৌকার এক মাঝি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনাটি ঘটে।

নিহত বাবুল সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বাবুল সরকারসহ কয়েকজন একটি স্টিলবডি নৌকায় করে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্য যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন। তবে নৌকার মাঝি হওয়ায় বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে নৌকার অস্বাভাবিক গতিবিধি দেখে পাটাতনের নিচে থাকা অন্যরা ওপরে উঠে এসে বাবুল সরকারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন