পিএনএস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “শুধু সরকার বা চালক পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি।” বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের তুলনা করে তিনি বলেন, “জনগণের বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে।”
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার। অতীতের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, “এনসিপির দাবি শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার।”
তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের সমালোচনা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে এনসিপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরো নাজুক হয়েছে।” থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লা বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়নি।” তার অভিযোগ, কর্মসংস্থানের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবার আন্দোলনে নামবে বলেও তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগের সমালোচনা করে এই তরুণ নেতা বলেন, “দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়।” সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি ৫ আগস্টের পর হাতবদল হয়েছে। কিন্তু, স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি।
সবশেষে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।”
জুলাই পদযাত্রায় আরো বক্তব্য দেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল আলীম। দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন।
পিএনএস/রাআ
রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া শুধু সরকার বদল যথেষ্ট নয়: হাসনাত আবদুল্লাহ
15-07-2026 01:08AM

