পিএনএস ডেস্ক: মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ করার ঘটনায় মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেছেন, বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি। সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) সকালে সড়ক পথে গাড়ি বহর নিয়ে বরিশালের উদ্দেশে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ আসলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের জিপ গাড়িতে এসে পড়ে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়।
তিনি আরও বলেন, পরে প্রশাসনের নজরে এলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দফতরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোন প্রমাণ পাওয়া যায়নি। এটি সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়ির গ্লাসে এসে পড়ে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তার ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিল। প্রধানমন্ত্রী আসা ও তারপরেও একটানা ভিডিও করেছে সে। তাকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত, সড়েক থাকা ইটের টুকার ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।
পিএনএস/এএ
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট ছোড়েনি: মাদারীপুর পুলিশ সুপার
14-07-2026 09:56PM

