পিএনএস, বগুড়া প্রতিনিধি : জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় শহরজুড়ে উল্লাস করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় অনুমোদনে উত্তরবঙ্গের উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে বলে মনে করছেন বগুড়াবাসী।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। তারেক রহমান স্লোগানে শহরজুড়ে চলে উল্লাস। এরআগে, কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে আনন্দ মিছিলে এসেছি। শিক্ষা ক্ষেত্রে বগুড়া জেলা দীর্ঘদিন ধরেই রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সেরা ফলাফল অর্জন করে আসছে। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি জানিয়েছেন বক্তারা।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মামুদুর রহমান সাঞ্জাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসা সিদ্দীক রাকিব, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর। এতে কয়েকটি উপজেলা থেকে আসা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, আরিফুল ইসলাম, শরীফ হাসান নিরব, সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক।আতিকুল ইসলাম বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, ধুনট উপজেলা আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব সম্রাট তালুকদার, কাহালু উপজেলা সভাপতি আব্দুল আল ছোটন, সারিয়াকান্দি উপজেলা সভাপতি নজরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ ২৮ ইউনিটের নেতাকর্মী।
জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর বগুড়ার জনপদ ও শিক্ষাখাতের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের প্রতি বগুড়াবাসী কৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হলে উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়েছে। নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করার দাবি জানিয়েছেন।
পিএনএস/এএ
উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, আনন্দ মিছিল শহরজুড়ে উল্লাস
22-07-2026 05:48PM

