শিশুকে ধর্ষণের পর হত্যা, ফাঁসির দাবিতে এসপি কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ

  22-07-2026 03:00AM

পিএনএস ডেস্ক: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়া পাড়া) গ্রামের ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামের (৩৫) ফাঁসির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২১জুলাই) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয়। এর আগে শহরের টার্মিনাল চত্বরে পুলিশবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। পরে দুপুর ১টার দিকে দত্ত পাড়া নামক স্থানে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন তারা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দত্ত পাড়া থেকে অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়। সেখান থেকে একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় বাস টার্মিনাল এলাকায় ছাত্র-জনতা গাড়িটির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্ত রবিউলকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরে তারা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। রবিউল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানিয়েছেন, সদর উপজেলার নির্বাহী অফিসার ও নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে অবরোধকারীদের ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার হবে বলে আশ্বস্ত করেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন