পিএনএস ডেস্ক: এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। অর্থাৎ, প্রশ্ন ভুল প্রমাণিত হলে শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ বোর্ড কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
এতে আরও বলা হয়, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।
একই সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাখ্যা ও আশ্বাস দেওয়া হলো।
পিএনএস/রাআ
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস
13-07-2026 10:57PM

