বৈরী আবহাওয়ায় আজ এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষার্থী

  14-07-2026 12:57AM

পিএনএস ডেস্ক: টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেই দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়ার মধ্যে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ষষ্ঠ দিনের এ পরীক্ষায় অংশগ্রহণ করেননি ১৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্যানুযায়ী, সাধারণ ৮ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র, কারিগরি বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। এদিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। এতে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের ৭৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের ৮৬ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৮৩ হাজার ৪৫০ জন। এ বোর্ডে পরীক্ষায় অংশ নেননি ২ হাজার ৬৯৩ পরীক্ষার্থী।

এদিকে, ৮টি বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৪ জন বহিষ্কার হয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ৪ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে, দিনাজপুর, বরিশাল ও সিলেট বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কুমিল্লা বোর্ডে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ৫ জন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন