নতুন বেতন কাঠামো চূড়ান্ত হতে পারে আজ

  15-07-2026 05:03PM

পিএনএস ডেস্ক: সরকারি চাকরিজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটি বৈঠকে বসছে। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠেয় কমিটির ষষ্ঠ সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। এতে আরো উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সদস্যরা।

পূর্বের পাঁচটি বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো, গ্রেডভিত্তিক বৈষম্য, মূল্যস্ফীতির প্রভাব, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের বৈঠকে এসব বিষয়ে সমন্বিত সুপারিশের খসড়া চূড়ান্ত করার চেষ্টা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে এসব বিষয় নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করবে কমিটি। পরে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে।

মন্ত্রিসভা প্রয়োজন অনুযায়ী সুপারিশে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে পারবে। অনুমোদনের অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ বৈঠকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধির পরিবর্তে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে মতৈক্য হয়।

সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে।

এরপর প্রতিবছর নির্ধারিত হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হলেও নতুন পে স্কেল ঘোষণা হয়নি। ২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল।

এদিকে, কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এর পাশাপাশি বৈশাখী ভাতার হার ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা এবং বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতায় সংস্কারের সুপারিশও করা হয়।

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নজরুল ইসলাম জানান, দীর্ঘ্দিন পর নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগে সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তারা শুধু মূল বেতন বৃদ্ধি নয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধারও বাস্তবসম্মত সংস্কার প্রত্যাশা করছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন