পিএনএস ডেস্ক: ভেনেজুয়েলায় গত বুধবারের (২৪ জুন) দুটি ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে বহু মানুষ আটকা পড়ে রয়েছেন। সেখানে জীবিতদের সন্ধানে চলমান জরুরি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো।
এর মধ্যে ব্রাজিল, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, এল সালভাদর, কিউবা ও যুক্তরাষ্ট্র দেশটিতে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
শুক্রবার (২৬ জুন) দেশটিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে। ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।
জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান টম ফ্লেচার বলেছেন, “ভেনেজুয়েলার জনগণ এবং যাদের স্বজনরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, জেনে রাখুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ—আপনাদের কাছে সাহায্য পৌঁছাবে।”
গত বুধবারের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প দুটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী। এসব ভূমিকম্প সমগ্র অঞ্চলজুড়ে অনুভূত হয়। সূত্র: আল জাজিরা
পিএনএস/রাআ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
26-06-2026 11:06PM

