অভিবাসীদের সুরক্ষা বাতিলে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়

  26-06-2026 12:58AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাইতি ও সিরিয়ার মতো যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগবিধ্বস্ত দেশগুলো থেকে আসা সম্ভাব্য লাখ লাখ বিদেশি নাগরিকের জন্য অস্থায়ী নির্বাসন সুরক্ষা বাতিল করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার আদালত এ অনুমতি দিয়েছে।

টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নামে পরিচিত এই সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্তটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ আদালতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসন বিষয়গুলোর মধ্যে অন্যতম। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় নাগরিক তাদের কাজের অনুমতি এবং দেশে থাকার যোগ্যতা হারাতে পারেন, যদি না তারা অন্য কোনো ধরনের সুরক্ষার জন্য যোগ্য হন।

অবৈধ ও বৈধ অভিবাসন দমনের প্রচেষ্টার অংশ হিসেবে, ট্রাম্প প্রশাসন এক ডজনেরও বেশি দেশের টিপিএস মর্যাদা বাতিল করার চেষ্টা করেছে। বিচারপতি স্যামুয়েল অ্যালিটো ৬-৩ সংখ্যাগরিষ্ঠতার আদালতের পক্ষে এই রায়টি লিখেছেন। আদালতের তিনজন উদারপন্থী সদস্য ভিন্নমত পোষণ করেছেন।

অ্যালিটোর দেওয়ার রায়ের প্রতি ভিন্নমত পোষণ করে বিচারপতি সোনিয়া সোতোমায়োর লিখেছেন, বৃহস্পতিবারের এই রায় মার্কিন অভিবাসন কর্মকর্তাদেরকে ‘(আবেদনকারীদের) মার্কিন মাটিতে পা রাখতে শারীরিকভাবে বাধা দিয়ে’ আশ্রয়ের আবেদন বিবেচনা করতে অস্বীকার করার ক্ষমতা দেয়।

সোতোমায়োর লিখেছেন, “আজকের এই সিদ্ধান্তের পরিণতি অনুমেয়। আরো মানুষ মারা যাবে। আরো মানুষ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করবে এবং তাদের মধ্যে কেউ সফল হবে, আবার কেউ হবে না। আরো মানুষ বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন-মেক্সিকো সীমান্ত ধরে হাঁটতে বাধ্য হবে, এমন একটি বন্দরের খোঁজে যেখানে তাদের পরীক্ষা করা হবে। আরো মানুষ ফিরে যাবে এবং সহিংসতার শিকার হবে, কারণ তাদের নিজেদের সম্পর্কে এমন কিছু আছে যা তারা পরিবর্তন করতে পারে না বা তাদের পরিবর্তন করার কথা নয়, যেমন তাদের জাতি, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতামত।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন