পুরস্কারের গন্ধ পেলে যেখানে-সেখানে ছুটে যান মোদি!

  04-07-2026 04:30PM


পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরস্কারের গন্ধ পেলেই তিনি ছুটে যান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পুরস্কারের প্রতি তার দুর্বলতার কথা গোটা পৃথিবী জানে। পুরস্কারের মান কী, কারা দিচ্ছে, তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

সর্বশেষ সেশেলস থেকে পাওয়া ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি নরেন্দ্র মোদিকে এক চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এ পুরস্কারের সনদপত্রে বানান ভুলসহ নানা অসংগতি রয়েছে। বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। এ নিয়ে ঠাট্টা বিদ্রূপেরও শেষ নেই।

ব্রিটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ প্রতিবেদন। কঠোর সমালোচনা আর উপহাসে লিপ্ত ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদিকে রীতিমতো তাচ্ছিল্য করে বলেছে, তাকে যেকোনো পুরস্কার দিন, তিনি ছুটে আসবেন।

দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণকালে পুরস্কার সংগ্রহ করার অভ্যাস আছে, যার মধ্যে কয়েকটির তিনিই প্রথম এবং একমাত্র প্রাপক। সপ্তাহান্তে নরেন্দ্র মোদি সেশেলসে অবতরণ করার সঙ্গে সঙ্গেই ভারত মহাসাগরের এ দ্বীপপুঞ্জটি দ্রুত ভারতীয় প্রধানমন্ত্রীকে তাদের অন্যতম সর্বোচ্চ সম্মাননা প্রদান করে।

নরেন্দ্র মোদি ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত এক সরকারি সফরে সেশেলসে ছিলেন। তিনি এ পুরস্কার গ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইরত দেশগুলো ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এটি উৎসর্গ করেন। সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির কাছ থেকে ট্রফি ও সনদপত্রসহ ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কার গ্রহণ করার সময় মোদি বেশ হাসিমুখেই ছিলেন।

কিন্তু পর্যবেক্ষকরা শিগগির লক্ষ করেন, পুরস্কারটি নিয়ে বেশকিছু অসংগতি রয়েছে। সনদপত্রে ‘republic’ বানানটি ভুল করে ‘repubblic’ এবং এমনকি ‘Seychelles’ বানানটিও ভুল করে ‘Seycheeles’ লেখা হয়েছে। ২৮ জুন রাতে ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবায়ের ‘এক্স’-এ লেখেনÑ‘এটি OPVS, OPUS নয়। এটি Republic, Repubblic নয়। এটি Seychelles, Seycheeles নয়।’ পরে জানা যায়, পুরস্কারটি মোদির আসার মাত্র তিনদিন আগেই চালু করা হয়েছিল এবং তিনিই ছিলেন এর প্রথম ও একমাত্র প্রাপক।

এ হট্টগোলের মধ্যে, সফটওয়্যারে যাচাই করার পর সার্টিফিকেটটি ব্যাপকভাবে এআই-সৃষ্ট হিসেবে চিহ্নিত হয়। এটি এআই টুল ব্যবহার করে তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে । এতে একটি ওয়াটারমার্ক শনাক্ত করা হয়, যা থেকে বোঝা যায় যে এটি ওপেনএআই-এর ছবি তৈরির টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

মোদির ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচক ও বিরোধী নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি এ সার্টিফিকেটকে উপহাস করেছেন এবং এর সময় নিয়েও সমালোচনা করেছেন। কারণ তার সফরের মাত্র কয়েকদিন আগে সম্মানটি তড়িঘড়ি করে অনুমোদন করা হয়েছিল।

বিরোধী কংগ্রেস দল বলেছে, মোদিকে যেকোনো পুরস্কার দিন, তিনি দৌড়ে আসবেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তারা এতটাই তাড়াহুড়ো করছিল, ফলে সেশেলস প্রজাতন্ত্রের সরকারি নামটিও ভুল লিখে ফেলেছে।

তবে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাল্টা জবাব দিয়ে বলেছে, তার সবুজ নেতৃত্বের জন্য এ পুরস্কার গ্রহণ করা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। বৃহস্পতিবার সেশেলসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ভুলবশত একটি খসড়া প্রচারিত হয়েছিল এবং এখন একটি যথাযথভাবে অনুমোদিত’ সংস্করণ প্রকাশ করা হয়েছে।

মোদি তার ১২ বছরের শাসনামলে দেশে ও বিদেশে পুরস্কার গ্রহণের প্রতি এক উল্লেখযোগ্য ঝোঁক দেখিয়েছেন। গত মাসে তার ইসরায়েল সফরের কয়েকদিন আগে দেশটির সংসদ দ্রুত ‘মেডেল অব দ্য নেসেট’ নামে একটি পদক তৈরি করে, যা তাদের দাবি অনুযায়ী ইসরায়েলের অন্যতম সর্বোচ্চ সম্মান। মোদি দেশটিতে অবতরণ করার পর তাঁকে এই পদকটি প্রদান করা হয়। এখন পর্যন্ত তিনিই এর একমাত্র প্রাপক।



পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন