পিএনএস ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মানিক মিয়াকে (৪০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামি জেলা যুবদল নেতা মো. শোয়েব মুনশী দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ড সতিশা রোড এলাকার আজিবুল ইসলামের ছেলে। তিনি গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি। পেশায় মানিক যাত্রীবাহী পিক-আপ গাড়ির চালক ছিলেন।
মামলার প্রধান আসামি শোয়েব মুনশী ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে নিহত মানিক মিয়ার স্ত্রী সোমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় ৮ জনের নামে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় প্রধান আসামি ময়মনসিংহ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুনশী।”
নিহতের ছোট ভাই সুখ মিয়া জানান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুন্সির সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তার ভাই শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা। পিকআপ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
তিনি বলেন, “গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার ভাই গৌরীপুর বাসস্ট্যান্ডে বসে ছিলেন। এসময় শোয়েব মুন্সি ১০ থেকে ১৫ জন লোক নিয়ে আমার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে বাসস্টেন্ড এলাকার থেকে সতিশা রোড এলাকায় নিয়ে ভাইয়ের স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় ভাইকে দিয়ে চলে যান। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত সাড়ে ৩ টার দিকে আমার ভাই মারা যান।”
এদিকে, জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুনশীকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়েছে।
ওসি মো. হাবিবুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
পিএনএস/মোআ
ময়মনসিংহে শ্রমিক নেতাকে হত্যায় মামলা, যুবদল নেতা বহিষ্কার
04-07-2026 03:20PM

