বাবার জানাজায় কি আসবেন না মোজতবা খামেনি

  03-07-2026 02:29AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার পুত্র এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি উপস্থিত হবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে এই প্রশ্ন তুলেছে।

বাবার মৃত্যুর পরে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা গুরুতরভাবে আহত হয়েছিলেন মোজতবা। এরপর থেকে তিনি আত্মগোপন করে আছেন এবং শুধুমাত্র লিখিত বিবৃতির মাধ্যমে তার সমর্থকদের সাথে যোগাযোগ করছেন; কখনও নিজের মুখ দেখাননি বা কথা বলেননি।

ইরানি কর্মকর্তারা তার সম্পূর্ণ সুস্থতার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। তারা দাবি করছেন, মোজতবা খামেনি ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনাও পরিচালনা করছেন।

বাবার জানাজায় মোজতবা খামেনির উপস্থিতি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি তিনি আসেন তবে এটি হবে তার প্রথম জনসমক্ষে আসা এবং দেশের অভ্যন্তরে তার বৈধতা প্রতিষ্ঠায় সহায়ক।

কিন্তু সর্বোচ্চ নেতারা অনুপস্থিতি তার সুস্থতা নিয়ে সন্দেহকে আরো বাড়িয়ে তুলবে এবং দেশটি আসলে কে চালাচ্ছে, সেই প্রশ্নও উত্থাপন করবে। বুধবার, এই নেতা তার প্রয়াত স্ত্রীর জন্য আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হতে ব্যর্থ হন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত করেছে’ বলে হুমকি দিয়েছেন। তবে তেহরান তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে।

চলমান সংঘাতের মধ্যে জানাজায় অনুপস্থিত থাকাকে ইসলামিক প্রজাতন্ত্র সম্ভবত একটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করবে। কিন্তু এটি আরো অনেক প্রশ্নের উত্তর দেবে না এবং তার স্বাস্থ্য ও নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিয়ে সন্দেহ আরো গভীর করবে।

ইরানের অভ্যন্তরে ইতিমধ্যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই সপ্তাহে খামেনির উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জানাজা আয়োজক কর্তৃপক্ষের প্রধান আলী আকবর পুরজামশিদিয়ান বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, “এই বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে নয় এবং সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে (সর্বোচ্চ) নেতার কার্যালয়ের উপর নির্ভরশীল।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন