প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

  10-07-2026 03:01AM

পিএনএস ডেস্ক: প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি আবারও ইরানে হামলা চালাতে হয়, তবে তা অতীতের চেয়ে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করে করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে এই কড়া বার্তা দেন কাৎজ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং যেকোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কাৎজ স্পষ্ট করে বলেন, “প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয়, তবে আমরা আরও বেশি শক্তি নিয়েই ফিরব।”

ইসরায়েলের এই ঘোষণার আগের রাতে (বুধবার) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তি হ্রাস করা, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। যুক্তরাষ্ট্রের এই অভিযানে পূর্ব ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন