পিএনএস ডেস্ক: লোহিত সাগর থেকে ফিরে যাচ্ছে তেলবাহী ট্যাংকারগুলো। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। সোমবার ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তারা শিপিং কোম্পানিগুলোকে একটি ই-ইমেল পাঠিয়ে সতর্ক করেছে। হুথিরা জানিয়েছে, সৌদি বন্দরে পণ্য বোঝাই বা খালাস করলে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
রয়টার্স জানিয়েছে, চীন ও ভারতের জন্য সৌদি অপরিশোধিত তেল বোঝাই করা দুটি তেল ট্যাংকারর লোহিত সাগরে ইউ-টার্ন নিয়ে সুয়েজ খালের দিকে যাচ্ছে। এলএসইজি-এর শিপিং ডেটা থেকে এমনটাই জানা গেছে।
ডেটা থেকে দেখা যায়, সোমবার ইয়ানবু বন্দরে ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বোঝাই সম্পন্ন করা ক্রুড ক্যারিয়ার ‘শিন লং ইয়াং’ মূলত লোহিত সাগর ছেড়ে চীনে দিকের যাচ্ছিল। কিন্তু এটি ইউ-টার্ন নিয়ে সুয়েজের দিকে যাচ্ছে।
ডেটা অনুসারে, ভারতের জন্য প্রায় সাত লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বোঝাই করা আফরাম্যাক্স ট্যাঙ্কার ‘রোডোস’ ট্যাংকারটি মঙ্গলবার সুয়েজের উদ্দেশ্যে ইউ-টার্ন নিয়েছে।
প্রসঙ্গত, হুথিরা লোহিত সাগরের মোহনায় অবস্থিত বাব এল-মানদেব প্রণালির উপকূলসহ উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার ও অবরুদ্ধ হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহনের জন্য লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দরটি প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
পিএনএস/রাআ
লোহিত সাগর থেকে ফিরে যাচ্ছে তেলবাহী ট্যাংকারগুলো
21-07-2026 11:30PM

