পিএনএস ডেস্ক: খুলনা পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ণ বেকারির কর্মচারীরা রান্না করতে গিয়ে এ ঘটনা দেখতে পান।
জানা গেছে, মডার্ণ বেকারির ২৫ জন কর্মচারী বুধবার গরুর মাংস দিয়ে পিকনিকের আয়োজন করেন। এ জন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে যান। তখন ব্যবসায়ী ইসমাইল জানান, সেদিনের জবাই করা গরুর সব মাংস ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে, তার দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়া যাবে।
সকাল আনুমানিক ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে ৪ কেজি মাংস কিনে নিয়ে যান। এরপর পিকনিকের জন্য বাজারসদাই করে যথারীতি কড়াইতে মাংস রান্না শুরু করেন তারা। রান্না প্রায় অর্ধেক শেষ হওয়ার পর কর্মচারীরা দেখতে পান, মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ রং ধারণ করেছে। বিষয়টি দেখে তারা মাংসসহ কড়াইটি নিয়ে প্রথমে ইসমাইলের দোকানে যান। তারপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে কড়াইসহ রান্না করা মাংস নিয়ে থানায় হাজির হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে, এ বিষয়ে নিশ্চিত কারণ জানা যায়নি।
পিএনএস/এএ
পাইকগাছায় রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, এলাকায় চাঞ্চল্য
22-07-2026 10:31PM

