দিল্লির বিক্ষোভস্থলে ইন্টারনেট বন্ধ

  24-07-2026 12:04AM

পিএনএস ডেস্ক: ছাত্র বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের বাইরে বড় জমায়েত নিষিদ্ধে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র ১৬৩ ধারও জারি করা হয়েছে। পুলিশ ওই এলাকায় সতর্কবার্তা জারি করেছে।

এই অচলাবস্থার কারণে রাজধানীর ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এনডিটিএ)-র একটি পরামর্শ মেনে আজ সন্ধ্যা সাড়ে ৬টার পর কনট প্লেসের সমস্ত দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।

ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তুলেছেন, “সরকার কি আজ রাতে যন্তর মন্তরে কোনো দমন অভিযানের পরিকল্পনা করছে?”

তবে দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “আজ রাতে চলমান বিক্ষোভ দমনের কোনো পরিকল্পনা দিল্লি পুলিশের নেই। আপনাদেরকে কোনো বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য ছড়ানো বা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত সোমবার ককরোচ জনতা পার্টি সংসদ ভবন অভিমুখে মিছিল নিয়ে যায়। ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ মুম্বাই, বেঙ্গালুরু ও পাটনার মতো প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ সহিংস পদক্ষেপ নেয় পুলিশ। বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তর ও পার্লামেন্ট সড়কে অবস্থান নিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন