পিএনএস ডেস্ক: বগুড়া ও এর আশপাশের এলাকাকে পরিবেশবান্ধব, দুর্যোগ সহনশীল ও সুপরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আইনটির খসড়া প্রস্তুত করে বৈঠকে উপস্থাপন করে।
মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন রোধ, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, তথ্য-প্রযুক্তি এবং পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি নাগরিকদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতেই নতুন এই সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
খসড়া আইনের মূল বিষয়সমূহ:
সংবিধিবদ্ধ সংস্থা গঠন: বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠিত হবে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত হবে এই সংস্থা।
অনুমতি ছাড়া অবকাঠামো নির্মাণ নয়: গণশুনানি ও নিয়ম মেনে একটি টেকসই মহাপরিকল্পনা তৈরি করা হবে। কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমোদন ছাড়া উক্ত এলাকায় যেকোনো ধরণের নির্মাণকাজ বা নতুন প্রকল্প গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জলাধার সুরক্ষায় কঠোরতা: নদী-নালা, খাল-বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় আইনি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট বা দখলের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
আধুনিক ভূমি ব্যবস্থাপনা: শহর ও আশপাশের পুনর্গঠনে অন্তত ৬০ শতাংশ ভূমির মালিকের সম্মতিতে 'ভূমি পুনর্বিন্যাস' (Land Readjustment) এবং 'ভূমি পুনঃউন্নয়ন' (Land Redevelopment)-এর মতো আধুনিক কৌশল প্রয়োগ করা হবে।
নিজস্ব তহবিল ও আর্থিক ক্ষমতা: কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজস্ব তহবিল গঠন, নির্ধারিত উন্নয়ন ফি ধার্য, ঋণগ্রহণ এবং নিয়মিত আর্থিক নিরীক্ষার আইনি ফ্রেমওয়ার্ক নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আনুষ্ঠানিক ভেটিং (আইনি পরীক্ষা-নিরীক্ষা) সাপেক্ষে প্রস্তাবিত ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভেটিং শেষে এটি পাসের জন্য পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হবে।
পিএনএস/এএ
মন্ত্রিসভার বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
23-07-2026 09:21PM

