পিএনএস ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদরাসায় ৮ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আদালতের নির্দেশে মামলা হয়েছে।
এ ঘটনায় আগে গ্রেফতার হওয়া মাদরাসার এক শিক্ষকের পাশাপাশি এবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২২ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের নির্দেশে গ্রেফতার শিক্ষার্থীকে গাজীপুর শিশু কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটিয়া থানাধীন ওই মাদরাসায় গত সপ্তাহে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের পর্যবেক্ষণের পর বলাৎকারের বিষয়টি সামনে আসে। পরে অভিযুক্ত শিক্ষক আবদুল আজিজকে পুলিশ গ্রেফতার করে। তবে শুরুতে ভুক্তভোগীর পরিবার মামলা না করায় আদালত স্বপ্রণোদিত হয়ে গত ১৮ জুলাই পটিয়া থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। পরে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে আবদুল আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ গত বুধবার একই মাদরাসার আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করে। আগেই গ্রেফতার হওয়া অভিযুক্ত শিক্ষক আবদুল আজিজ বর্তমানে কারাগারে রয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
পিএনএস/রাআ
মাদরাসাছাত্রকে বলাৎকারে আদালতের নির্দেশে মামলা, গ্রেফতার ২
24-07-2026 02:31AM

