পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষকের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার।
জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন অভিযোগ। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে কুড়িগ্রাম আদালতে মামলা করেন।
আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষ সিআইডি প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এর আগে, সাইদুর রহমান একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পিএনএস/রাআ
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা, মাদ্রাসা সুপার গ্রেপ্তার
24-07-2026 12:36AM

