সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জালসহ আটক ৬

  23-06-2026 02:00AM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনে মিয়ানমার থেকে চোরাচালান করে আনা ২১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় গত ২০ জুন শনিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

এসময় কোস্টগার্ড আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ওই বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত ২১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা।

জব্দ জাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন