পিএনএস ডেস্ক: মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২–এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হবে। এ মামলায় আদালত নিজেই বাদী হয়েছেন।
আদালতের নথি সূত্রে জানা যায়, খাদিজা সুলতানা শিমু বাদী হয়ে একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছিলেন।
তবে তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে জানায়, অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, ডিজিটাল আলামত ও অন্যান্য প্রমাণ যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগে ওমর ফারুক শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতে শিমু উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্নোগ্রাফি আইনে মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এজন্য তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এর প্রেক্ষিতে আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে আরও বলা হয়, তদন্তকালে ডিজিটাল ও ফরেনসিক তথ্যসহ বিভিন্ন নথি যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তে জানা গেছে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে, ওমর ফারুকের করা আগের মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নেওয়া হয়েছে। পরে বিয়ে না করে প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও মামলায় দাবি করা হয়।
পিএনএস/এএ
মিথ্যা মামলার পর বিমানের কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ
16-07-2026 08:23PM

