বগুড়ায় হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

  16-07-2026 06:51PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি, হত্যা মামলার পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, এটিসি। এরআগে উপশহর, সেউজগাড়ী ও গাবতলী উপজেলায় পৃথক অভিযানে চারজন গ্রেপ্তার হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। বুধবার উপশহর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি মো. নিপু (২৬) নিশিন্দারা মধ্যপাড়ার আব্দুল লতিফের ছেলে। ২০২২ সালে দায়ের হওয়ায় মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ডাদেশ রয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার হয় পলাতক আসামি মাহিন কাজী (৩৮)। তিনি সদর উপজেলার ধাওয়া ফিকশন এলাকার গোফফার কাজীর ছেলে। ২০১৯ সালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এক বছর দুই মাসের সশ্রম কারাদন্ড এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দুই সাজাপ্রাপ্ত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়।

পৃথক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সিয়াম মন্ডল (২৪) উপজেলার বেজোড়া মহল্লার সাগর হোসেন মন্ডলের ছেলে। বুধবার গাবতলী উপজেলার দীঘিরপাড়া মহিষাবান এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

এরআগে, মঙ্গলবার শহরের সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা জব্দ করে। হাতেনাতে গ্রেপ্তার হয় মাদক কারবারি রায়হান আলী (৩৭)। তিনি শাজাহানপুর উপজেলার আতাইল এলাকার গোলাম রব্বানী লয়ার ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন