পিএনএস ডেস্ক: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদর প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোররাতে সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।
ছেলেদের সহকর্মীদের বরাত দিয়ে বাবা আব্দুল মালেক জানান, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার বড় ছেলে সজীব মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যায় ফরহাদ হোসেন সুজন।
এদিকে দুই সহোদরের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, সৌদি আরবে দুর্ঘটনায় দুই ভাইরে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পিএনএস/এএ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
16-07-2026 09:15PM

