পিএনএস ডেস্ক: চিকিৎসায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
মহাপরিচালক জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক নয়, তাই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল জবাব দিয়েছে, সেটি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে নানা কথাবার্তা আছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আগামীকাল বৈঠক করে এ বিষয়ে করণীয় পদক্ষেপ জানাব। মোটকথা, আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়।
পিএনএস/এমএইউ
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
11-06-2026 04:30PM

