ইরানে ভয়াবহ মার্কিন হামলা

  11-06-2026 01:49PM


পিএনএস ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এ নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের খবর, বন্দরনগরী বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণ ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে জোরদার হয় গত মঙ্গলবার। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায়। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে অভিযোগ করে ইরানের পক্ষ থেকে বলা হয়, তারা ওয়াশিংটনের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ’ পুনর্মূল্যায়ন করবে।


পিএনএস/এমএইউ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন