প্রিপেইড মিটারের ভাড়া বহাল

  09-07-2026 02:04PM

পিএনএস ডেস্ক: প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চললেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ-সংক্রান্ত কোনো প্রস্তাবও যায়নি। ফলে আপাতত বিদ্যমান নিয়মেই মিটার ভাড়া বহাল থাকছে।

বিইআরসির কর্মকর্তারা জানিয়েছেন, মিটার ভাড়া প্রত্যাহারের বিষয়ে কমিশনের কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। তাই এ বিষয়ে কমিশনের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের মিটার ভাড়া বাতিলের দাবি বাস্তবে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তির সূত্রপাত হয় বিদ্যুৎমন্ত্রীর এক ঘোষণাকে কেন্দ্র করে। গত ২৯ মার্চ এক বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে মিটার ভাড়া প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। তবে সেই ঘোষণার পরও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিয়ন্ত্রক আদেশ জারি হয়নি।

বিইআরসি সূত্র জানায়, বিদ্যুতের মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ একটি আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ ধরনের কোনো পরিবর্তন আনতে হলে কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কমিশন সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো প্রস্তাব কমিশনের কাছে আসেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন বিতরণ কোম্পানি ঋণের অর্থে প্রিপেইড মিটার স্থাপন করেছে। বর্তমানে মিটার ভাড়া থেকে ওই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। তাই মিটার ভাড়া প্রত্যাহার করতে হলে বিকল্প অর্থায়নের ব্যবস্থা বা সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক (বিদ্যুৎ) মো. রেজাউল করিম খাঁন বলেন, ‘আমাদের কাছে এমন কোনো নির্দেশনা আসেনি। কোনো বক্তব্যে হয়তো মিটার ভাড়া তুলে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেটি এখনো বাস্তবায়ন পর্যায়ে আসেনি। তাই ভাড়া প্রত্যাহারের বিষয়ে কোনো কার্যক্রমও শুরু হয়নি। আমরাও কোনো নির্দেশনা পাইনি।’

ফলে সরকার বা বিইআরসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বিদ্যমান নিয়মেই আদায় অব্যাহত থাকবে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন