পিএনএস ডেস্ক: আগস্ট মাসে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এক মাসেই দুই দফায় টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সে সময় সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।
পিএনএস/এএ
চাকরিজীবীদের দুই দফায় মিলতে পারে টানা ৮ দিনের ছুটি
18-07-2026 04:43PM

