বগুড়ায় সন্ত্রাসী হামলায় অস্ত্র মামলার আসামি খুন

  23-07-2026 04:26PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) সাবেক ছাত্রদল নেতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে হাফডজন মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় নৃশংস হত্যাকান্ড ঘটে। হামলায় জড়িত সন্দেহে শাপলা খাতুন নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত সাগর মন্ডল সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মন্ডলের বিরোধ চলছিল। নিরাপত্তার স্বার্থে স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হৈচৈ শুনে স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন। সাগরের জেঠাতো ভাই জেলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা করে। টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টাকালে রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী মারজিয়া খাতুন বলেন, স্বামীকে বাঁচাতে চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা আমাকেও হুমকি দেয়। গুরুতর আহত অবস্থায় সাগরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পিছু নেয়। তারা মানিকচকের শাওনের বাড়ি পর্যন্ত আসে এবং ভয়ভীতি দেখায়। পরে প্রতিবেশীর বাড়ির গলি থেকে সাগরকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

নিহতের মা সাজেদা বেগম বলেন, আমার ছেলেকে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় পানির জন্য ছটফট করলেও খুনিরা তাকে একফোঁটা পানি দেয়নি। হত্যার সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ড ঘটেছে। হামলায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচন করতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টা চলছে। নিহত সাগরের বিরুদ্ধে মাদক, অস্ত্র আইন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন