‘এটা শাহবাগ নয়’ বলা জুলাইকে খাটো করার টোন: সারজিস আলম

  22-06-2026 01:05PM


পিএনএস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‍“সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসউদ এমপির কোনো কথা আপনাদের মন মতো না হলে কিংবা সংসদীয় বিধিকে অতিক্রম করলে আপনারা যেই টোনে বলেন- ‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা ‘জুলাইয়ের রাজপথ’কে খাটো করার টোন।”

রবিবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, “একটা বিষয়ে খুব ভালো করে মনে রাখবেন মাননীয় স্পিকার- জনগণ ইতঃপূর্বে বিএনপির দ্বারা প্রতারিত হওয়ার কারণে ১৪, ১৮, ২৪ এর ভোট চুরির নির্বাচনের পরও আপনাদের ডাকে সাড়া দেয়নি, আপনাদের পক্ষে রাজপথে নামেনি। কারণ আপনাদের প্রতিও তাদের সেই আস্থাটা আর ছিল না।”

তিনি লেখেন, “২৮ অক্টোবরে যখন আপনারা কয়েক ঘন্টাও রাজপথে স্থায়ী হতে পারেননি তখন সাধারণ মানুষ ধারণা করেছিল বিএনপির সময় বোধ হয় শেষ হয়ে এলো। সর্বশেষ ২৪-এর নির্বাচনের পরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিএনপি আর কখনো প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরতে পারবে কিনা সেই আশঙ্কাও জোরেশোরে মানুষের মনে দানা বেঁধেছিল।”

এনসিপির এই নেতা লেখেন, “অতঃপর ২৪ এর জুলাই এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ‘শাহবাগ চত্বর’, সেখান থেকে পুরো বাংলাদেশে জুলাই ছড়িয়ে পড়লো। জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার, স্বদেশ প্রত্যাবর্তনের, এমনকি আপনাদেরকে স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার।”

তিনি আরো লেখেন, “কোনো কথা পছন্দ না হলে কিংবা বিধি বহির্ভূত হলে বিধি অনুযায়ী সংশোধন করবেন। জুলাইয়ের শাহবাগ কিংবা রাজপথকে মকারি করে কথা বলার যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে, সেটা থেকে আগামীতে বিরত থাকবেন এই প্রত্যাশা থাকবে।”

পোস্টের শেষে সারজিস লেখেন, “এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে উঠার নয়, বিএনপির নীরবতার নয়, ২৪ এর এই শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় বুক বেঁধে রাজপথে নামা আপামর ছাত্র-জনতার।”


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন