পিএনএস ডেস্ক: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন) ভোরে মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় লোকজনের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পিএনএস/এমএইউ
সিরাজগঞ্জ মহাসড়কে নারীর মরদেহ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি
22-06-2026 01:31PM

