পিএনএস ডেস্ক : হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। হামলার এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন।
তিনি বলেন, এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকিয়ে ন্যাক্কারজনক এই কাণ্ড ঘটিয়েছে। কেবল মাইক্রোবাস ভেঙেই ক্ষান্ত হয়নি তারা; মোবাইল এবং ক্যামেরাও নিয়ে গেছে। গাড়ি ভাঙচুরের একটা ভিডিও আমাদের কাছে এসেছে।
পিএনএস /এএ
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলমসহ কয়েকজন আহত
28-07-2026 09:16PM

