বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, সংবাদ সম্মেলনে এসে জানলেন বাবাও বেঁচে নেই

  02-07-2026 01:46PM


পিএনএস ডেস্ক: বিশ্বকাপে স্বপ্নভঙ্গের হতাশা কাটিয়ে ওঠার আগেই সেবাস্তিয়ান দেসাব্রের জীবনে নেমে এলো আরও বড় শোক। ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধান কোচকে তার বাবার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বুধবার রাতে আফ্রিকার দেশটি প্রায় বড় এক অঘটনের জন্মই দিতে বসেছিল। আটলান্টায় অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রায় ৭০ মিনিট এগিয়ে ছিল কঙ্গো। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে নকআউট পর্বে পৌঁছে নজর কাড়ে সেবাস্তিয়ান দেসাব্রের দল। তবে সেই গর্বের মুহূর্ত শেষ পর্যন্ত ব্যক্তিগত শোকে ম্লান হয়ে যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ৪৯ বছর বয়সী দেসাব্রে। তবে সংবাদ সম্মেলনের একেবারে শেষ মুহূর্তে দলের এক গণমাধ্যম কর্মকর্তা ফরাসি ভাষায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমরা জানাতে চাই, আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। তার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

এরপরই সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে ঘোষণা করা হবে, তা যেন নিজেও কল্পনা করেননি দেসাব্রে। উপস্থিত সবাইকে সংক্ষিপ্তভাবে ‘ধন্যবাদ’ জানিয়ে তিনি নীরবে কক্ষ ত্যাগ করেন। ঠিক কখন তিনি বাবার মৃত্যুসংবাদ পেয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গোর সমর্থকেরা কোচের প্রতি সমবেদনা ও সমর্থন জানান।

একজন লেখেন, ‘খুবই দুঃখজনক সংবাদ। তার এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

আরেকজনের মন্তব্য, ‘ম্যাচ শেষ হওয়ার পরই তিনি এই খবর জানতে পেরেছেন। সাহস রাখুন কোচ। আর আমাদের এত সুন্দর একটি বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’

আরেক সমর্থক লেখেন, ‘এটি সত্যিই তার জন্য খুব কঠিন একটি মুহূর্ত।’

বিদায়ের হতাশার মধ্যেও নিজের খেলোয়াড় এবং দেশের ফুটবলকে নিয়ে গর্ব প্রকাশ করেন দেসাব্রে।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা হতাশ, কারণ আমরা বিশ্বাস করেছিলাম যে ম্যাচটি জিততে পারব। আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি। কিন্তু শেষদিকে দুটি সুযোগ দিয়েছি, আর বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার সেই দুটি সুযোগই কাজে লাগিয়েছে।’

খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ তাদের অভিনন্দন জানাতেই হবে। তারা এই প্রতিযোগিতা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এমন শক্তিশালী দলের বিপক্ষে খেলে কঙ্গোর ফুটবল আরও সমৃদ্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘শেষদিকে হয়তো আমাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল। কিন্তু ফুটবলের ইতিহাস এমনই। আমরা শিখব, আরও উন্নতি করব এবং শান্তভাবে আমাদের পথচলা চালিয়ে যাব।’

দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তায় দেসাব্রে বলেন, ‘আমরা কঙ্গোর মানুষের মতোই লড়াই করেছি। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা ভালো ফুটবল খেলেছি, শেষ পর্যন্ত লড়ে গেছি। কঙ্গোর এই লড়াকু মানসিকতাই মানুষ মনে রাখবে।’

সূত্র: দ্য সান


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন