মেক্সিকোতে বিশ্বকাপ জয়ের আনন্দ উৎসবে ৩ জনের মৃত্যু

  01-07-2026 08:46PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপে ৪০ বছর পর নকআউট পর্বের ম্যাচ জিতে উচ্ছ্বাসে মেতে ওঠে মেক্সিকোর সমর্থকেরা। তবে সেই আনন্দ-উদযাপনই শেষ পর্যন্ত রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উদযাপনের সময় দমবন্ধ হয়ে তিন সমর্থকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে মেক্সিকো সিটির ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ এলাকায় এ ঘটনা ঘটে। অ্যাজ়টেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর হাজার হাজার সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসব করছিলেন। এ সময় দমবন্ধ হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন।

পরে পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।

শহরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি এবং ১৯ বছর বয়সী এক তরুণী ছিলেন। তাদের কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। পরে ৪৮ বছর বয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মেক্সিকো সিটির মেয়র ক্লাবা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি সমর্থকদের দায়িত্বশীলতা, যত্ন ও সহানুভূতির সঙ্গে বিজয় উদযাপনের আহ্বান জানান।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন