সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার!

  09-07-2026 05:56PM

পিএনএস ডেস্ক: ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন জমে উঠেছে শেষ আটের লড়াইয়ে। একদিন বিরতির পর আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই রাউন্ডের আগে চিন্তায় রয়েছে আট দলের অন্তত ১৮ জন ফুটবলার। কারণ, আর একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে উঠলেও তারা খেলতে পারবেন না।

এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো শিরোপা প্রত্যাশী দলগুলোর খেলোয়াড়রাও। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে ফুটবলার ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের বাড়তি সতর্কতা নিয়ে খেলতে হবে।

এ ছাড়া ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় এই ঝুঁকিতে রয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনে ফিফা। নতুন ফরম্যাটে ৪৮ দল অংশ নেওয়ায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হয়েছে। এতে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকিও বাড়ে।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল হয়ে যায়। এরপর কোয়ার্টার ফাইনাল শেষে আবার নতুন করে হলুদ কার্ড গণনা শুরু হয়। ফলে ফাইনালে হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় নিষিদ্ধ হবেন না। তবে দুটি আলাদা ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে।

এদিকে লাল কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়ানোর ক্ষমতা রয়েছে ফিফার শৃঙ্খলা কমিটির হাতে।

আজ ৯ জুলাই থেকে শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলবে কোয়ার্টার ফাইনাল। ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই মাঠে গড়াবে ফাইনাল।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ফুটবলাররা:

ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি
মরক্কো: ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস
ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা
সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম
আর্জেন্টিনা: গঞ্জালো মন্টিয়েল
স্পেন: ফেররান তোরেস
বেলজিয়াম: ব্র্যান্ডন মেচেলে
নরওয়ে: অ্যান্তোনিও নুসা

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন