বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

  09-07-2026 06:37PM

পিএনএস ডেস্ক: গত ম্যাচে দেড়শর আগে জিম্বাবুয়েকে অলআউট করেও সেই রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে বেশ বড় লক্ষ্যই ছুড়ে দিয়েছে স্বাগতিকেরা। একসময় দুইশ রানও অনেক দূরে মনে হলেও শেষ পর্যন্ত বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরাতে হলে নাজমুল হোসেনের দলকে করতে হবে ২৪৮ রান।

হারারেতে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করে অপরাজিত থাকেন ওপেনার কারান।

তবে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজকেও নতুন বলে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। নিজের পরের ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরে ফেরান তাসকিন।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে নবম ওভারে উইকেট পান নাহিদ রানা। ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেন এই গতিময় পেসার। পাঁচে নেমে ব্যর্থ হয়েছেন ওয়েসলি মাদেভারেও। ৩০ বল খেলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাতেই ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

দলের এমন কঠিন মুহূর্তে হাল ধরেন অভিজ্ঞ সিকান্দার রাজা ও বেন কারান। দুজনের ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। তবে উইকেটে থিতু হয়েও নিজের ইনিংসটি বড় করতে পারেননি রাজা। ৩৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।

এরপর ক্লাইভ মাদান্দে দ্রুত ফিরে গেলেও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন কারান ও ব্রাড ইভান্স। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১২২ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন কারান। অন্য প্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিতে ইভান্স খরচ করেন মাত্র ৩৬ বল। শেষ পর্যন্ত কারান ১১১ রানে এবং ইভান্স মাত্র ৪২ বলে ৫৮ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের সামনে ২৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ে।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন