কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

  10-07-2026 11:27AM

পিএনএস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটির ডিফেন্ডার জারেল কুয়ানশাহ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ফলে খেলা হচ্ছে না গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

গত ৫ জুলাই মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার ট্যাকেল করে হেসুস গালার্দোকে। তাতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

গতকাল বৃহস্পতিবার ফিফা শৃঙ্খলা কমিটি জানায়, ইংলিশ ডিফেন্ডারকে মারাত্মক ট্যাকেল করার দায়ে অভিযুক্ত হয়েছে এবং শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচসহ ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে সেখানেও খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘বিশ্বকাপে ৫ জুলাই মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ার ঘটনায় ফিফা ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে ইংল্যান্ডের খেলোয়াড় জারেল কুয়ানশাহকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ৬৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইংল্যান্ডের বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল ফিফা। সেই নজির সামনে রেখে কুয়ানশাহর শাস্তির বিরুদ্ধে আপিল করবে কি না, তা নিয়েও ভাবছিল ইংল্যান্ড। তবে ফিফার সর্বশেষ সিদ্ধান্তে দুই ম্যাচের নিষেধাজ্ঞাই বহাল থাকলো।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন