পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় এক নববধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৪ জুন) রাতে ডিমলা থানায় মামলা রেকর্ড হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অলিয়ার রহমান (৪২) ও জাহিদুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার এক নববধূ গত ২৭ মে রাতে নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। ঘটনার সময় তার স্বামী কর্মস্থলে ছিলেন। রাতে বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে স্বজনদের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাড়িতে একা থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি ওই নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং ঘটনা প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএনএস/এএ
ডিমলায় নববধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
17-06-2026 07:38PM

