পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আড়াই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলো—রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে কায়েস ও মেরাজ তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয় লোকদের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর বিকেলে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-২-এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, সাতজন শিক্ষার্থী একসঙ্গে গোসল করতে নেমেছিল। এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পিএনএস/এএ
মেঘনায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
17-06-2026 08:34PM

