১৮ জন অফিস সহায়কের ১৭ জনই ইঞ্জিনিয়ার-এমবিএ-মাস্টার্স পাস

  26-06-2026 04:45PM

পিএনএস ডেস্ক: পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন ১৮ জন। আশ্চর্যের বিষয়, এসএসসি পাস যোগ্যতার এই চাকরিতে নির্বাচিতদের মধ্যে ১৭ জনই বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এমবিএ, মাস্টার্স ও অনার্স ডিগ্রিধারী।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরীতে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন প্রায় ৪ হাজার প্রার্থী। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কোনো ধরনের তদবির, রাজনৈতিক চাপ বা অর্থ লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৮ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইডেন মহিলা কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা তরুণরা রয়েছেন। ১৮ জনের মধ্যে মাত্র একজন এইচএসসি পাস, বাকিরা সবাই উচ্চশিক্ষিত।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই নিয়োগ প্রক্রিয়া তার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমি দুর্নীতি করব না, কাউকেও দুর্নীতি করতে দেব না।” স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করায় বিভিন্ন মহল জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন