৩৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট

  04-07-2026 06:49PM

পিএনএস ডেস্ক : টানা কয়েকদিন ধরে খরতাপে বিধ্বস্ত সিলেটের জনজীবন। এবার সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ সেলসিয়াস। যা চলতি মৌসুমে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেটে আজ (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।যা চলতি বছরের মানে ২০২৬ সালের আজকে পর্যন্ত সর্বোচ্চ।’

এদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সিলেট অঞ্চলজুড়ে। সকাল থেকেই রোদ চড়া হতে থাকে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা অসহনীয় হয়ে উঠে।

তীব্র গরম থেকে বাঁচতে অনেকে প্রয়োজন ছাড়া বের হননি। এতে করে নগর জীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। নগরের সড়কগুলোতে যানবাহন সাধারণ দিনের তুলনায় কম দেখা গেছে।

খরতাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।
নগরের চৌহাট্টায় এলাকায় আলিয়া মাদরাসার বড় গাছের ছায়ায় নিচে রিকশা নিয়ে বসে ছিলেন রিকশাচালক হাবিব মিয়া।

ক্লান্ত যাত্রীরা একেকজন একেক গন্তব্যে যাবেন কিনা তাকে জিজ্ঞেস করছেন কিছুক্ষণ পরপর। তিনি সাফ না বলে দিচ্ছিলেন।

ঘামে নেয়ে যাওয়া হাবিব মিয়া বললেন, ‘যে গরম। অনেক কষ্ট হয় পেডেল রিকশা চালাইতে। রইদ একটু কমউক (কমুক)। তখন রিকশা চালানির কথা চিন্তা করমু। জীবন আগে বাঁচাই। পরে খাওনের চিন্তা।’

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘এই রোদে কাজ করতে গিয়ে মাথা ঝিমঝিম, শরীর খুব দুর্বল লাগে। কিন্তু পরিবারের কথা চিন্তা করে থামার সুযোগ নেই।’

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। পাশাপাশি সিলেটের বিভিন্ন স্থানে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।’

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন