ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  04-07-2026 01:35AM

পিএনএস ডেস্ক: সাতক্ষীরায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) আশাশুনি উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে লতিকা সরকার ঘরের ফ্যানের সুইচ অন করতে যান। এ সময় বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী জানান, বিকেল ৪টা ২০ মিনিটে লতিকা সরকারকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন