পিএনএস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মোগলটুলীতে হাজী আবুল বাশার সুপার মার্কেটের একটি ভবনের তিনটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও মালামাল সরাতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৪ জুলাই) বেলা দেড়টার দিকে মার্কেটের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের জানান, ভবনের তৃতীয় তলায় থাকা তিনটি গুদামে প্লাস্টিকের ছাতা ও বিভিন্ন বৈদ্যুতিক পণ্য মজুত ছিল। আগুন লাগার সময় গুদামগুলোর শাটার তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে হয়।
তিনি বলেন, গুদামগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকায় সেগুলো সরিয়ে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে।
তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘন ধোঁয়া ও আগুনের বিস্তার বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ করা হয়। এছাড়া আটতলা ভবনটিতে মাত্র একটি এবং প্রায় দুই ফুট প্রশস্ত সিঁড়ি থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
পিএনএস /এএ
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
04-07-2026 08:15PM

