বিদ্যুতায়িত পুকুরে নেমে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু

  06-07-2026 03:01AM

পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং একই উপজেলার তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। এ ঘটনায় রাহীম (১৩) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার তিন শিক্ষার্থী বিকেলে খেলাধুলা শেষে মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু সেই পুকুরের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। ফলে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন