বঙ্গোপসাগরে ভাসমান ১৭ জেলেকে উদ্ধার

  05-07-2026 12:48AM

পিএনএস ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বিকল হওয়া এফবি জাহান ট্রলারের ১৭ জেলেকে দুবলার চর এলাকা থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে৮টার দিকে তাদেরকে উদ্ধার করেন কোস্ট গার্ডের খুলনা পশ্চিম জোনের সদস্যরা।

জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিন দিন আগে বুধবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দূরে মাছ শিকারের সময় তীব্র ঢেউয়ে ট্রলারের পিছনের পাখা ভেঙে বিকল হয়ে যায় ট্রলারটি।

ট্রলারের মালিক বেল্লাল হোসেন জানিয়েছেন, পাঁচ দিন আগে এফবি জাহান ১৭ জেলে নিয়ে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। সাগর উত্তাল থাকায় তীব্র ঢেউয়ে পাখা ভেঙে ট্রলার বিকল হয়ে যায়। ভাসতে ভাসতে দুবলার চর এলাকায় এসে শনিবার বিকেলে মুঠোফোনে তাকে বিষয়টি জানান জেলেরা। তিনি ট্রলার মালিক সমিতিকে এ তথ্য জানান। পরে কোস্ট গার্ড জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেছেন, “খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল জেলেদেরকে উদ্ধার করে। জেলেরা সবাই সুস্থ আছেন। রবিবার দুপুরের দিকে তাদের বিএফডিসিতে নিয়ে আসা হবে। তবে, আবহাওয়া খারাপ থাকলে আরো সময় লাগতে পারে।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন